আশুলিয়ায় চুরি হওয়া আড়াই হাজার শার্ট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার রপ্তানিমুখী মেহনাজ স্টাইল নামের একটি পোশাক কারখানা থেকে চুরি হওয়া দুই হাজার ৬০০টি শার্ট উদ্ধার করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। তাঁরা চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছেন পাঁচজনকে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সেলিম আহাম্মেদ, আবদুস সাত্তার, লিটন, রানা ও এমদাদ হোসেন। ঢাকা জেলা ডিবি পুলিশ জানায়, ৭ জুলাই মেহনাজ স্টাইল কারখানার দেয়াল ভেঙে অন্তত ২৫ লাখ টাকার শার্ট চুরি করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে কারখানার সহকারী ব্যবস্থাপক মাহমুদুর রহমান আশুলিয়া থানায় মামলা করেন। মামলার পর ডিবি পুলিশ রোববার রাতে রাজধানীর মিরপুরের মিতালী ফ্যাশনস, নিউমার্কেটের শিমু ফ্যাশনসসহ মধ্যবাড্ডা ও বঙ্গবাজারে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের দুই হাজার ৬০০টি শার্ট উদ্ধার করে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের পরিদর্শক শাহীন শাহ পারভেজ বলেন, শার্ট চুরির পর দুর্বৃত্তরা এসব প্রতিষ্ঠানের কাছে তা বিক্রি করতে পারে। আবার এসব প্রতিষ্ঠানের মালিকেরাও চুরির সঙ্গে যুক্ত থাকতে পারেন। পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।