আশুলিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার শ্রীখণ্ডিয়া গ্রামে গত রোববার রাতে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। আশুলিয়া থানার পুলিশ জানায়, শ্রীখণ্ডিয়া গ্রামে সম্প্রতি গরুচোরের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছিল। রোববার দিবাগত রাত তিনটার দিকে ওই গ্রামের পূর্বপাড়া মসজিদের কাছে সড়কে কয়েকজন যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। চোর সন্দেহে পাহারাদারেরা তাঁদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও এক যুবককে আটক করে পিটুনি দেয় এলাকাবাসী। ঘটনাস্থলেই ওই যুবক প্রাণ হারান।পুলিশ জানায়, এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে গতকাল সোমবার আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামা গ্রামবাসীকে আসামি করা হয়েছে। ওই মাদ্রাসার পাশের বাড়ির বাসিন্দা মো. উসমান গণি জানান, সোমবার ভোর সাড়ে চারটার দিকে মাদ্রাসাসংলগ্ন মসজিদে নামাজ পড়তে গিয়ে যুবকটিকে হাত-পা বাঁধা অবস্থায় তিনি মসজিদের সামনে পড়ে থাকতে দেখেন। তখনো যুবকটি জীবিত ছিলেন এবং কথা বলছিলেন। নামাজ পড়ে বের হয়ে তাঁকে আর জীবিত পাননি।উসমান জানান, মৃত্যুর আগে নামাজ পড়তে আসা মুসল্লিদের কাছে তিনি বলেছিলেন, তাঁর বাড়ি গাজীপুরে। তাঁর নাম আশিক।পূর্বপাড়া মসজিদের পাশের বাসিন্দা আবদুল আউয়াল ও মো. আনোয়ার হোসেন জানান, ওই এলাকায় রাতে কোনো পাহারা দেওয়া হয় না। রোববার রাতেও কোনো পাহারার ব্যবস্থা ছিল না। এ ছাড়া ওই রাতে চোর সন্দেহে কাউকে আটক করে গণপিটুনি দেওয়া হয়েছে এমন কিছুও জানা নেই তাঁদের। তবে সোমবার সকালে নামাজ পড়তে বের হয়ে মাদ্রাসার সামনে লাশ দেখতে পান তাঁরা।তবে মাদ্রাসার আশপাশের কয়েকজন বলেছেন, ইমাম মো. ইউনুস আলী গভীর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে চোর ধরার আহ্বান জানান।গ্রামবাসীর বরাত দিয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, চোর সন্দেহে যুবকটিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরিদর্শক বলেন, ‘তদন্ত চলছে। আশা করি, তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।’