আশুলিয়ায় ছাত্রী লাঞ্ছনা, বখাটের বিরুদ্ধে মামলা
রাজধানীর আশুলিয়ায় কান্দাইল গ্রামে রোববার সকালে দশম শ্রেণীর এক ছাত্রীকে লাঞ্ছিত করেছে এক বখাটে যুবক। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে।লাঞ্ছিত ছাত্রীটি রোটারী ক্লাব গার্লস হাইস্কুলে পড়াশোনা করে। তার বাবা প্রথম আলোকে জানান, প্রতিদিনের মত তাঁর মেয়ে রোববার সকালে স্কুলে যাচ্ছিল। কান্দাইল জামে মসজিদের পূর্ব পাশে যাওয়ার পর পাড়ার মিয়াজুদ্দিন মোল্লার ছেলে বাবুল হোসেন (৩০) তাকে অনুসরণ করে। একপর্যায়ে তার স্কুলের পোশাক ধরে টান দিলে তা ছিঁড়ে যায়। এরপর ছাত্রীটি নিজেকে ছাড়িয়ে পাশের এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেয়। ওই ছাত্রীর বাবা জানান, সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকেই বাবুল তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। এ কারণে এর আগেও বাবুলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই সময় বাবুল মেয়েটিকে উত্ত্যক্ত করবে না—মর্মে একটি লিখিত অঙ্গীকারও দেয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (ওসি) গোলাম মোস্তফা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। বাবুল হোসেন পলাতক আছে।