আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার বাড়িতে ডাকাতি
ঢাকার সাভারের আশুলিয়া থানার ইসলামনগর এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতেরা ওই বাড়ি থেকে অস্ত্রের মুখে ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে জানা গেছে। আশুলিয়া থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একদল ডাকাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (অডিট) বাচ্চু মিয়ার বাড়িতে হানা দেয়। তারা বাড়ির মূল ফটকের তালাসহ কলাপসিবল গেটের চারটি তালা কেটে ঘরে ঢুকে বাচ্চু মিয়াসহ বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা বাচ্চু মিয়া ও তাঁর স্ত্রী শামসুন্নাহারকে মারধর করে। এরপর তারা আলমারি ভেঙ্রে৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থসহ ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ডাকাতি নয়, একদল দুর্বৃত্ত ওই বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।