আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত সোমবার রাতে ঢাকার আশুলিয়ার বলিভদ্র এলাকায় রফিকুল ইসলাম (২৭) নামের এক যুবক খুন হয়েছেন। আহত হয়েছে দুজন। এ দিকে গতকাল মঙ্গলবার সকালে সাভারের ঢালচর এলাকা থেকে আবদুল আলীম (২৬) নামের এক গাড়ি চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল সাভারের নবীনগর এলাকায় বিকাশ পরিবহনে হিসাবরক্ষকের চাকরি করতেন। তাঁর বাড়ি যশোরের অভয়নগর উপজেলার আলমডাঙ্গা গ্রামে। অন্যদিকে আলীমের বাড়ি সাভারের চাইরা গ্রামে। আশুলিয়া থানার পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি পোশাক কারখানার ঝুট কেনা নিয়ে দীর্ঘদিন ধরে আশুলিয়ার কন্ডা এলাকার নজরুল ইসলামের সঙ্গে একই এলাকার জাকির হোসেনের দ্বন্দ্ব চলছে। নজরুল ও তাঁর লোকজন মাইক্রোবাসে করে সোমবার রাত পৌনে ১০টার দিকে বলিভদ্র এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় জাকিরের লোকজন ধারালো অস্ত্র নিয়ে মাইক্রোবাসটির গতিরোধ করলে নজরুল ও তাঁর লোকজন গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। জাকির ও তাঁর লোকজন ধাওয়া দিয়ে তাঁদের ধরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। নজরুলের লোকজন প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পুলিশ জানায়, গুলিতে বিপ্লব নামে জাকির হোসেনের পক্ষের এক যুবক গুলিবিদ্ধ হয়। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় সোহেল দেওয়ান ও রফিকুল ইসলাম। গুরুতর অবস্থায় তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১১টার দিকে রফিকুল মারা যান। আর সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জাকির হোসেন ও নজরুল ইসলাম উভয় পক্ষ নিহত রফিকুলকে তাদের পক্ষের লোক বলে দাবি করেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ বিপ্লবের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে নজরুল, মোনতাজ, হিরু, আকিজুর ও মঞ্জুসহ অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেছেন। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশীদ জানান, যশোর থেকে নিহত রফিকুলের পরিবারের লোকজন আসার পর রাতে হত্যা মামলা রুজু করা হবে।সাভার থানার পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে নয়টার দিকে চার ব্যক্তি ঢাকার কেরানীগঞ্জ যাওয়ার কথা বলে সাভারের হেমায়েতপুর থেকে আলীমের গাড়িটি ভাড়ায় নেয়। দুর্বৃত্তরা তাঁকে জবাই করে হত্যার পর লাশ সাভারের ঢালচর এলাকায় রেখে গাড়ি নিয়ে পালিয়ে যায়। সাভার থানার এসআই আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে আলীমের ভাই বাদশা মিয়া গতকাল থানায় হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করা হয়েছে।