আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন
ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকার একটি গুদামে গতকাল রোববার দুপুরে আগুন লেগে বিপুল পরিমাণ ঝুট ও সুতা পুড়ে গেছে। মালিকপক্ষের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অন্তত ১০ লাখ টাকা।ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেড) দমকল বাহিনী ও আশুলিয়া থানার পুলিশ জানায়, দুপুর একটার দিকে বাইপাইল বাসস্ট্যান্ডের অদূরে রিফাত এন্টারপ্রাইজের একটি টিনশেড গুদামে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। ডিইপিজেড দমকল বাহিনীর দুটি ইউনিট এক ঘণ্টারও বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রিফাত এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমান বলেন, আগুনে বিপুল পরিমাণ ঝুট ও সুতা পুড়ে গেছে। কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কেউ শত্রুতাবশত গুদামে আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি জানান। ডিইপিজেড দমকল স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট নয়, শত্রুতাবশত গুদামে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।