আশুলিয়ায় ট্রলারডুবির ঘটনায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়া থানার মাঝিপাড়ার বিলে গত রোববার রাতে ট্রলারডুবির ঘটনায় গতকাল সোমবার বিকেল পর্যন্ত মর্জিনা (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আশুলিয়ার উনাইল এলাকার নুরুল ইসলামের মেয়ে এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার ইয়ং ওয়ান পোশাক কারখানার শ্রমিক। এদিকে ট্রলারডুবির পর ১৮ ঘণ্টা পার হয়ে গেলেও ঘটনাস্থলে কোনো ডুবুরিদল না পৌঁছানোয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে। পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে গতকাল বিকেল চারটায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে।রোববার রাত সোয়া ১০টার দিকে আশুলিয়ার বলিভদ্র বড়টেক এলাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে সাভারের উনাইলে যওয়ার পথে কন্ডা মাঝিপাড়া এলাকায় বালুবোঝাই ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধারের চেষ্টা করে। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ১৫ জন নিখোঁজ হয় বলে পুলিশ জানায়।