আশুলিয়ায় ট্রাক-গাড়ি মুখোমুখি, তরুণ আইনজীবী নিহত
নিজের বিয়ের দাওয়াত দিয়ে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তরুণ আইনজীবী এ এইচ আশফাক আহামেদ (২৮)। অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন তাঁর বন্ধু জাহিদুল ইসলাম (২৯)। গতকাল সোমবার ভোরে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ট্রাক ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। আশফাক রাজধানীর শহীদ সলিমুল্লাহ সড়কের বাসিন্দা। গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে। ২৮ জানুয়ারি অনুষ্ঠেয় নিজের বিয়ের দাওয়াত দিতে বন্ধুকে নিয়ে রোববার রাতে মানিকগঞ্জের গড়পাড়ায় নানার বাড়ি যান তিনি। সেখান থেকে ফেরার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে।আশুলিয়া থানার পুলিশ জানায়, আশফাক ও তাঁর বন্ধু জাহিদুল আশুলিয়া হয়ে রাজধানীতে যাচ্ছিলেন। ভোর চারটার দিকে তাঁদের ব্যক্তিগত গাড়িটি ঘোষবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের (ঢাকা-মেট্রো-ন-৩৯৩৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশফাক নিহত হন। দুর্ঘটনায় তাঁদের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও পেছনের অংশ অক্ষত থাকায় প্রাণে বেঁচে যান বন্ধু জাহিদুল ইসলাম। সকাল নয়টার দিকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, নিহতের আত্মীয় মফিজুল ইসলাম বাদী হয়ে গতকাল আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।