আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
ঢাকার সাভারের আশুলিয়ার কবীরপুরে গত শনিবার গভীর রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। তাঁদের পরিচয় পাওয়া যায়নি।আশুলিয়া থানার পুলিশ জানায়, রাত দেড়টার দিকে ওই দুজন একটি মোটরসাইকেলযোগে নবীনগরের দিকে যাচ্ছিলেন। তাঁরা নবীনগর-কালিয়াকৈর সড়কের কবীরপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি আশুলিয়া থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘নিহত মোটরসাইকেলের আরোহীদের কাছে এক বোতল মদ ও একটি ছোরা পাওয়া গেছে। আমার ধারণা, মদপান করে মোটরসাইকেল চালানোর কারণেই তাঁরা ট্রাকের তলে পড়ে মারা যান।’আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।