আশুলিয়ায় ট্রাকচাপায় শ্রমিক নিহত, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানা এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) বর্ধিত অংশের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম ইব্রাহিম (২৭)। তিনি সফটেক্স সোয়েটার কারখানার নিটিং অপারেটর ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে চালক আবু তালেবসহ ট্রাকটি আটক করেছে।এদিকে এ ঘটনার জের ধরে ডিইপিজেডের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। এ ছাড়া ডিইপিজেড এলাকার ৪০টি কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকেরা জানান, ইব্রাহিম দুপুরের খাবার খেয়ে সাইকেলযোগে বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। দুপুর সোয়া একটার দিকে ডিইপিজেডের বর্ধিত অংশের মূল ফটকের সামনে পৌঁছালে একটি ট্রাক পাশ থেকে তাঁকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ট্রাকটি নিয়ে চালক পালানোর চেষ্টা করলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান। এ ঘটনার পর উপস্থিত শ্রমিকেরা ঘটনাস্থল থেকে তাঁর লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ডিইপিজেডের কর্তব্যরত আনসার সদস্যরা লাশ নিতে বাধা দিলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। এ খবর সফটেক্স সোয়েটার কারখানায় ছড়িয়ে পড়লে কয়েক শ শ্রমিক কারখানা থেকে বের হয়ে আনসার সদস্যদের ধাওয়া করেন। আনসার সদস্যরা শ্রমিকদের পাল্টা ধাওয়া করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা মূল ফটকের সামনে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। বেলা তিনটার দিকে শ্রমিকেরা পুলিশের ব্যারিকেড ভেঙে নবীনগর-কালিয়াকৈর সড়কে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান এনে শ্রমিকদের ওপর ব্যবহারের চেষ্টা করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো ডিইপিজেড এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।