আশুলিয়ায় ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষ, চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার নরসিংহপুর এলাকার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে গতকাল সোমবার দুপুরে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হতাহতদের সবাই লেগুনার যাত্রী। নিহত ব্যক্তিরা হলেন, রংপুরের বদরগঞ্জ উপজেলার কানাবাড়ি গ্রামের জরিফা বেগম (২৫), হবিগঞ্জের মাধবপুর উপজেলার নুরুল্লাহপুর গ্রামের মাহমুদা বেগম (৩০), ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বীরগঞ্জ গ্রামের রানী আক্তার (৩৪) ও আশুলিয়ার জিরাবো এলাকার নিখিলচন্দ্র মণি দাস (৪৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকার আবদুল্লাহপুর থেকে নবীনগরগামী একটি লেগুনা দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পৌঁছালে জিরাবোগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনজন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রানী আক্তার। জহিরুল ইসলাম নামের একজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে জানান, অল্পবয়স্ক একটি ছেলে লেগুনাটি চালাচ্ছিল। সে দ্রুতগতিতে একটি রিকশা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব খান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে দুই চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।