আশুলিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪
ঢাকার আশুলিয়া থানা এলাকায় আজ বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন, রফিকুল ইসলাম (৩৫), আব্বাস আলী (৫৫), শফিকুল ইসলাম (৩৫) ও অজ্ঞাত একজন।
পুলিশ জানায়, আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের টঙ্গিবাড়ী এলাকায় আজ ভোর চারটার দিকে একটি গরুবাহী পিকআপভ্যান ও বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের মালিক রফিকুল ইসলাম (৩৫) ও পিকআপে থাকা গরু ব্যবসায়ী আব্বাস আলী (৫৫) ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩৫)।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তিদের স্বজনদের অনুরোধে তাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
আজ ভোর পাঁচটার দিকে একই সড়কের ইউনিক এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান এক সাইকেল আরোহী। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
এ দিকে গতকাল রাতে আশুলিয়ার শ্রীখণ্ডি এলাকায় দুর্বৃত্তরা আজগর আলী (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে তাঁর সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ে গেছে। তিনি অটোরিকশার চালক ছিলেন। আজ সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।