আশুলিয়ায় ডাকাতি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খুন
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ধলপুর শিকদারবাগ এলাকায় গত শুক্রবার রাতে মোজাম্মেল হক (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে ডাকাতেরা কুপিয়ে হত্যা করেছে। এর আগে ডাকাতেরা ওই এলাকার রুহুল আমিনের বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয় এবং তাঁর মেয়ের বাসায় ডাকাতির চেষ্টা চালায়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মোজাম্মেল হকের মরদেহ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমাগারে রাখা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় তাঁর লাশ ধলপুরে নিয়ে এসে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।আশুলিয়া থানার পুলিশ ও ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত একটার দিকে ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত প্রথমে ধলপুর শিকদারবাগ এলাকার রুহুল আমিনের বাসার কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাতেরা আলমারি ভেঙে সাত হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় ডাকাতেরা রুহুল আমিনের ছেলে শাওন ও জিয়া নামের এক ভাড়াটেকে মারধর করে। রাত দুইটার দিকে ডাকাতেরা রুহুল আমিনের বাসার পাশে তাঁর মেয়ে রীনা আক্তারের বাসার জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় রুহুল আমিন মুঠোফোনে তাঁর প্রতিবেশী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনারারি ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা মোজাম্মেল হককে ঘটনা জানান। রুহুল আমিনকে সহযোগিতা করতে মোজাম্মেল হক তাঁর দুই ছেলেকে নিয়ে ঘর থেকে বের হন। টের পেয়ে ডাকাতেরা দেয়াল টপকে এই বাড়িতে ঢুকে মোজাম্মেল হককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে। এ সময় এই বাসার লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ডাকাতেরা বোমা ফাটিয়ে ও গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।পুলিশ জানায়, এ ঘটনায় রুহুল আমিন বাদী হয়ে গতকাল শনিবার আশুলিয়া থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।নিহত মোজাম্মেল হকের ছেলে মিজানুর রহমান জানান, ডাকাতেরা দেয়াল টপকে তাঁদের বাড়িতে ঢুকে পড়লে তাঁরা দুই ভাই দৌড়ে ঘরের ভেতর ঢুকতে সক্ষম হলেও তাঁদের বাবা বাইরে থেকে যান। ঘরে ঢুকে বাবাকে না দেখে দুই ভাই আবার ঘর থেকে বের হন। এ সময় তাঁরা বাড়ির ফটকের সামনে বাবাকে পড়ে থাকতে দেখেন। রাতেই চিকিৎসার জন্য তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের বাবাকে মৃত ঘোষণা করেন। মিজানুর আরও জানান, তাঁর বাবা এবার হজে যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। ২৫ অক্টোবর তাঁর ফ্লাইট ছিল।নিহত মোজাম্মেল হকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঘোনাপাড়ায়। ১৯৬৪ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। অবসরে যান ১৯৯৭ সালে।রুহুল আমিন অভিযোগ করেন, ঘটনার পরপরই বিষয়টি আশুলিয়া থানায় জানানো হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ভোর সাড়ে পাঁচটায়।ধলপুর এলাকার বাসিন্দা শিপন ও মোহসিনসহ কয়েকজন অভিযোগ করেন, এই এলাকাসহ আশপাশে প্রায়ই চুরি-ডাকাতি হয়। কিন্তু এসব রোধে পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।ঘটনাস্থলে বিলম্বে পৌঁছানোর অভিযোগ সত্য নয় বলে দাবি করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।