আশুলিয়ায় ডাকাতি, গৃহকর্তাসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার গভীর রাতে ঢাকার আশুলিয়া থানার কুটুরিয়া গ্রামে সুলতান দেওয়ানের বাড়িতে ঢুকে ডাকাতেরা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ চারজন আহত হয়েছেন।আশুলিয়া থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ২৫ থেকে ৩০ জনের একদল ডাকাত সুলতান দেওয়ানের বাড়ির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা আলমারি ভেঙে দেড় লাখ টাকা ও পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। ডাকাতি শেষে পালানোর সময় ডাকাতেরা বোমা ফাটিয়ে আতঙ্ক ছড়ায়।সুলতান দেওয়ানের চাচাতো ভাই মজিবর দেওয়ান জানান, দরজা ভাঙার সময় সুলতান দেওয়ান (৫৫) ভেতর থেকে প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতেরা ঘরে ঢুকেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। মাথার আঘাত থামাতে গিয়ে তাঁর ডান হাতের দুটি আঙুল কেটে যায়। এ সময় তাঁর ছেলে লিটন এগিয়ে গেলে ডাকাতেরা লাঠি দিয়ে আঘাত করলে তাঁর ডান হাত ভেঙে যায়। ডাকাতদের মারধরে আহত হন সুলতানের মা সুফিয়া বেগমসহ আরও একজন।ডাকাতেরা চলে যাওয়ার পরপরই সুলতান ও তাঁর ছেলেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশীদ জানান, ডাকাতি নয়, পূর্বশত্রুতার জের ধরেই ওই বাড়িতে হামলা চালানো হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি বলে তিনি জানান।