আশুলিয়ায় তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গতকাল সোমবার ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে গ্যাসের ২২ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করেছে।
তিতাসের সাভার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস কর্তৃপক্ষ গতকাল আশুলিয়ার পুকুরপাড়সহ আশপাশের এলাকায় অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করতে অভিযান চালায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে তিন, দুই ও এক ইঞ্চি ব্যাসের নয় হাজার ফুট পাইপ তুলে ফেলা হয়। এতে ওই সব এলাকায় অবৈধভাবে নির্মিত ২২ কিলোমিটার বিতরণ লাইন বিচ্ছিন্ন হয়েছে। এ লাইনের আওতায় অন্তত ২৫ হাজার পরিবার প্রায় চার বছর ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল বলে তিতাস কর্তৃপক্ষ জানায়।
অবৈধ গ্যাস ব্যবহারকারীদের অনেকেই বলেন, বৈধ করে দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁদের কাছ থেকে ৫০ থেকে ৭০ হাজার টাকা নিয়ে সংযোগের ব্যবস্থা করে দিয়েছিলেন। পরে তাঁরা সংযোগ বৈধ করে দেননি।
তিতাসের সাভার কার্যালয়ের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলবে। গতকাল আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। শিগগিরই আরও অভিযান চালানো হবে।