আশুলিয়ায় তিতাসের অভিযান অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গতকাল রোববার ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ কিলোমিটার গ্যাসের অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। এই লাইনের আওতায় অন্তত ১৫ হাজার পরিবার দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল।
তিতাসের সাভার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহ করে তিতাস কর্তৃপক্ষ আশুলিয়ার ঘোষবাগ ও কাঠগড়া এলাকায় এ অভিযান চালায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন ব্যাসার্ধের অন্তত ১৩ হাজার ফুট পাইপলাইন তোলা হয়। এর ফলে ওই এলাকায় ১২ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অবৈধ গ্যাস ব্যবহারকারীদের অনেকেই বলছেন, বৈধ করে দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় প্রভাবশালীরা তাঁদের কাছ থেকে ৫০ থেকে ৭০ হাজার টাকা নিয়ে সংযোগের ব্যবস্থা করে দিয়েছিলেন। পরে আর তাঁরা সংযোগ বৈধ করে দেননি।
জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার কার্যালয়ের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান একটি চলমান প্রক্রিয়া। এর অংশ হিসেবেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। শিগগিরই আরও অভিযান চালানো হবে।