আশুলিয়ায় তিতাসের সাড়ে ৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার তিতাস গ্যাসের সাড়ে চার কিলোমিটার অবৈধ পাইপলাইন অপসারণ করেছে। এতে চারটি গ্রামের সাড়ে তিন হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার কার্যালয় ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বছর তিনেক আগে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি আশুলিয়ার ঘোষবাগ, ফুলবাগান, নরসিংহপুর ও জিরাবোর এলাকায় অন্তত পাঁচ কিলোমিটার অবৈধ পাইপলাইন স্থাপন করেন। এরপর তাঁরা ৪০ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে বাড়ি বাড়ি সংযোগ দিয়ে দেন। এসব লাইন অপসারণে তিতাস কর্তৃপক্ষ গতকাল ভ্রাম্যমাণ আদালত নিয়ে ওই সব এলাকায় অভিযান চালায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে ২ হাজার ৫০০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়। এর ফলে ওই এলাকার সাড়ে তিন হাজার চুলার সংযোগ বিচ্ছিন্ন হয়।
এলাকার বৈধ কয়েকজন গ্রাহক বলেন, তিতাস কর্তৃপক্ষ মাঝেমধ্যে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ লাইন অপসারণে অভিযান চালায়। কিন্তু কয়েক মাস পর আবার ওই এলাকায় সংযোগ দিয়ে দেন প্রভাবশালীরা। ফলে তাঁদের এলাকায় গ্যাসের চাপ কমে যায়।
তিতাস গ্যাসের সাভার কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল অভিযান চালানো হয়। পর্যায়ক্রমে অন্য এলাকাতেও অভিযান চালানো হবে।