আশুলিয়ায় তিনটি কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার গণকবাড়ী এলাকায় গত সোমবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পোশাক তৈরির তিনটি কারখানার আংশিক পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা চার ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুনে মেশিন, তৈরি পোশাক, সুতা, কাপড় ও অন্য মালামালসহ প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস, আশুলিয়া থানা ও কারখানা সূত্রে জানা গেছে, গণকবাড়ী এলাকার হাসেম প্লাজার সাত তলায় ইন্ট্রাকো সোয়েটার লিমিটেড, ফাহিম অ্যাটওয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেড ও কালার মার্ক প্রিন্টিং লিমিটেডের কারখানা রয়েছে। সোমবার রাত তিনটার দিকে ফাহিম অ্যাটওয়ার অ্যান্ড কম্পোজিটের পেছনের দিক থেকে আগুনের সূত্রপাত হয়। ধীরে ধীরে তা ইন্ট্রাকো সোয়েটার ও কালার মার্ক প্রিন্টিং কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকার সাভার, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, ধামরাই এবং গাজীপুরের কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করেন। টানা চার ঘণ্টারও বেশি কাজ করে গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফাহিম অ্যাটওয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক আবদুর রহমান জানান, আগুনে তাঁদের কারখানার তৈরি পোশাক, কাপড়, মেশিনসহ কারখানাটির অধিকাংশই পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।ইন্ট্রাকো সোয়েটার কারখানার মার্চেন্ডাইজ ব্যবস্থাপক খান শহীদুল ইসলাম বলেন, পাশের কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন তাঁদের কারখানার গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে তাঁদের দুটি গুদামের প্রায় দুই কোটি টাকার সুতা পুড়ে যায়।কালার মার্ক প্রিন্টিং কারখার মার্কেটিং ব্যবস্থাপক মো. আমজাদ হোসেন বলেন, আগুনে তাঁদের বৈদ্যুতিক ব্যবস্থাসহ কারখানার আংশিক পুড়ে গেছে। মেশিনেরও ক্ষতি হয়েছে।ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতারুজ্জামান বলেন, তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের কারণ বলা সম্ভব নয়। আগুন নেভাতে গিয়ে তাঁদের পাঁচ কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।