আশুলিয়ায় তিনটি কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাসের দাবি এবং চাকরিচ্যুতির প্রতিবাদে গতকাল সোমবার ঢাকার আশুলিয়ায় তিনটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পুলিশের মধ্যস্থতায় একটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। অপর দুটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বাড়ি চলে যান।আশুলিয়া থানা ও শিল্পাঞ্চল পুলিশ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ভেতরে অবস্থিত আমরা অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে ঈদুল ফিতরের আগে চলতি মাসের বেতন ও বোনাসের দাবি জানান। কর্তৃপক্ষ চলতি মাসের বেতন দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশের মধ্যস্থতায় কর্তৃপক্ষ ২৪ আগস্টের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করে দুপুর আড়াইটার দিকে বাড়ি চলে যান।শ্রমিকেরা জানান, ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। গত মাসের বেতন এরই মধ্যে শেষ হয়ে গেছে। মাসও প্রায় শেষ। তাই একসঙ্গে চলতি মাসের বেতন ও ঈদের বোনাসের দাবি জানানো হয়েছে।ওই কারখানার এক কর্মকর্তা জানান, মাস শেষ না হতেই শ্রমিকেরা চলতি মাসের বেতনের দাবি জানান। এ কারণেই তা দিতে অপারগতা প্রকাশ করা হয়।পুলিশ জানায়, বাইপাইল এলাকার ফাউন্টেন্ড সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে ঈদের বোনাসের দাবি জানান। কর্তৃপক্ষ গতকাল বোনাস দিতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশের মধ্যস্থতায় কর্তৃপক্ষ ২৪ আগস্টের মধ্যে বোনাস দিতে রাজি হলে দুপুর ১২টার পর শ্রমিকেরা কাজে যোগ দেন।অপর দিকে ঘোষবাগ এলাকার ম্যাকপাই সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা গতকাল কর্মস্থলে উপস্থিত হয়ে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করে। কিন্তু কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকলে দুপুর ১২টার পর কোনো সমাধান ছাড়াই শ্রমিকেরা বাড়ি চলে যান।কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই তাঁদের যখন-তখন ছাঁটাই করা হয়। ছাঁটাই করা শ্রমিকেরা অনিশ্চয়তার মধ্যে পড়েন। তাই অন্যায়ভাবে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবি জানানো হয়।ওই কারখানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সংগত কারণ থাকলেই নিয়ম অনুযায়ী শ্রমিকদের ছাঁটাই করা হয়। শ্রমিকদের অভিযোগ সঠিক নয়।শিল্পাঞ্চল পুলিশ আশুলিয়া এলাকার পরিদর্শক মুখলেছুর রহমান ও উপপরিদর্শক মিজানুর রহমান কারখানা তিনটিতে শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন।