আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া থানার কুমকুমারী গ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন দুজন। ক্ষুব্ধ জনতা চারটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই গ্রামে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।আশুলিয়া থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল আশুলিয়ার দোসাইদ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিতে আশুলিয়ার টঙ্গাবাড়ি গ্রামের কামরুল, নাহিদ, রহিম ও বিল্লাল হোসেন দোসাইদে যান। বেলা আড়াইটার দিকে মোটরসাইকেলে করে তাঁরা যখন অনুষ্ঠানস্থলে ঢুকছিলেন, এ সময় ওই রাস্তায় দাঁড়িয়ে ছিলেন কুমকুমারী গ্রামের বাসিন্দা ও স্থানীয় যুবলীগের নেতা শরিফুল ইসলাম। বারবার হর্ন দেওয়ার পরও শরিফুল না সরায় তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন তাঁরা। এতে ক্ষিপ্ত হয়ে শরিফুল তাঁদের গালাগাল করেন। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত মুরব্বিদের হস্তক্ষেপে তাঁরা শান্ত হন।গ্রামবাসী জানায়, এ ঘটনার জের ধরে সন্ধ্যা সাতটার দিকে টঙ্গাবাড়ি গ্রামের কামরুল, নাহিদ, রহিম ও বিল্লাল হোসেনসহ আরও কয়েকজন সাতটি মোটরসাইকেল নিয়ে কুমকুমারী গ্রামে গিয়ে শরিফুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় শরিফুলকে ঘর থেকে বের করে তাঁরা মারধর করেন। খবর পেয়ে গ্রামের লোকজন জোট বেঁধে টঙ্গাবাড়ি থেকে আসা যুবকদের পাল্টা মারধর শুরু করে। একপর্যায়ে যুবকেরা পালাতে শুরু করলে তাঁদের লক্ষ্য করে গুলি করা হয়। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে নাহিদ ও কামরুল আহত হন। অন্যরা তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যান। নাহিদকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামরুলকে তাঁর স্বজনেরা কোন হাসপাতালে ভর্তি করেছেন, তা জানা যায়নি। মারধরে টঙ্গাবাড়ি গ্রামের আরও আটজন আহত হন। টঙ্গাবাড়ির যুবকেরা পালিয়ে যাওয়ার পর কুমকুমারী গ্রামের লোকজন বাকি চারটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমকুমারী গ্রামে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সংঘর্ষ এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলির ঘটনার সত্যতা তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, রাত সাড়ে নয়টা পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় মামলা হয়নি।