আশুলিয়ায় তৃতীয় দিনেও পোশাকশ্রমিকদের বিক্ষোভ
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত ফ্যাশন ইট লিমিটেডের একটি কারখানার পোশাকশ্রমিকদের বিক্ষোভ গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল। অতিরিক্ত কাজের সুযোগ, দুই কর্মকর্তার অপসারণ এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে শ্রমিকেরা এ বিক্ষোভে অংশ নেন। এদিকে আশুলিয়ার ধনাইদ এলাকায় মাল্টি মডার্ন অ্যাপারেলস লিমিটেড নামের অপর একটি পোশাক-কারখানার শ্রমিকেরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল বিক্ষোভ করেছেন। তবে কোথাও অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হয়নি। শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শ্রমিকেরা গতকাল সকাল আটটার দিকে কর্মস্থলে উপস্থিত হন। এ সময় তাঁদের মধ্যে ১১৫ জনকে ভেতরে যেতে বাধা দেওয়া হয়। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের অনুরোধে শ্রমিকেরা বেলা ১১টার দিকে কারখানার ভেতরে যান এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন। কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় শ্রমিকেরা কারখানা ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর মালিক, শ্রমিক ও পুলিশের বৈঠক হয়। এতে ছাঁটাই করা শ্রমিকদের নিয়ম অনুযায়ী বেতনভাতা পরিশোধের সিদ্ধান্ত হলে বিক্ষোভকারী শ্রমিকেরা কাজে যোগ দিতে সমঞ্চত হন।শ্রমিকেরা বলেন, দাবি আদায়ের জন্য তাঁরা সবাই আন্দোলন করেছেন। কিন্তু শাস্তি দেওয়া হয়েছে ১১৫ জনকে। এ জন্যই তাঁরা আবার আন্দোলন করেছেন। তবে আজ বুধবার থেকে তাঁদের কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই দাবিতে ওই পোশাকশ্রমিকেরা গত দুদিন বিক্ষোভ করেন। এদিকে ধনাইদ এলাকায় মাল্টি মডার্ন অ্যাপারেলস লিমিটেডের পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা কারখানার সামনে গতকাল সকালে বিক্ষোভ করেন। পরে বিজিএমইএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য শ্রমিকেরা দুপুরে ঢাকার বিজিএমইএ কার্যালয়ে যান।