আশুলিয়ায় থানা ঘেরাও করে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার পলমল গ্রুপের সাফা সোয়েটার নামে একটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। এ সময় পূর্বঘোষণা ছাড়াই কারখানা থেকে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ জানান তাঁরা। একই সঙ্গে এ ব্যাপারে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অস্ত্রধারী সন্ত্রাসী লেলিয়ে দেওয়ার অভিযোগ তোলেন। হারুন, সোহাগ, তরিকুল, শহীদ, শাহ আলম ও নূরে আলমসহ ওই কারখানার অনেক শ্রমিক অভিযোগ করেন, গতকাল সকালে কারখানার সব শ্রমিক যথাসময়ে কারখানায় গিয়ে কাজ শুরু করেন। দুপুর দুইটার দিকে কর্তৃপক্ষ হঠাত্ করে প্রায় ১০০ শ্রমিককে ছাঁটাই করার কথা ঘোষণা করে। এ সময় কারখানার সামনে অনেক পুলিশ মোতায়েন ছিল। শ্রমিকেরা পূর্বঘোষণা ছাড়াই এ ছাঁটাইয়ের প্রতিবাদ করলে একদল সন্ত্রাসী কারখানার ভেতরে ঢুকে তাঁদের মারধর করে। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে অস্ত্রের মুখে ছাঁটাই করা শ্রমিকদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে তাঁদের বের করে দেয়। শ্রমিকদের ভাষ্য, কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আবদুর রাজ্জাক তাঁর নিজের লোকজনকে নিয়োগ দিতে কোনো কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারখানার দুই শতাধিক শ্রমিক মিছিল করে গিয়ে আশুলিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শ্রমিকেরা এ সময় পুলিশের উপস্থিতিতে সাদা কাগজে সন্ত্রাসীদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেন। ওসি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। কারখানার জিএম আবদুর রাজ্জাক বলেন, কিছু শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ না করে কারখানার ভেতরে নানা অপতত্পরতা চালাচ্ছিলেন। প্রায় ১০০ জন এমন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তিনি শ্রমিকদের বিরুদ্ধে ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেন। আশুলিয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকদের অভিযোগ আমি শুনেছি। তবে তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।’