আশুলিয়ায় দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু
ঢাকার অদূরে আশুলিয়ার কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাস লাইটার প্রস্তুতকারক কারখানায় দগ্ধ শ্রমিক সখিনা (২০) গতকাল বুধবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন মারা গেলেন।
বার্ন ইউনিট সূত্র জানায়, সখিনার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত ২২ নভেম্বর কালার ম্যাক্স (বিডি) লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৬ জন শিশু শ্রমিক ও নারী দগ্ধ হন। তাঁদের মধ্যে ২১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজনকে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চারজনের মৃত্যুর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন ১৬ জন।
বার্ন ইউনিটের চিকিৎসকেরা বলেছেন, শ্বাসনালি পুড়ে যাওয়ায় ১৬ জনের কেউ আশঙ্কামুক্ত নন।