ঢাকার আশুলিয়ায় চার্জে থাকা মুঠোফোনে কথা বলার সময় বিস্ফোরণে দগ্ধ জাফর আলী (৪৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। আশুলিয়া থানার পুলিশ ও জাফর আলীর পরিবার এ খবর নিশ্চিত করেছে।
জাফরের ভাই আমজাদ আলী বলেন, গত শনিবার ভোরে চার্জ দেওয়া অবস্থায় মুঠোফোনে কথা বলছিলেন জাফর। এ সময় বিস্ফোরণ হলে জাফর ও তাঁর স্ত্রী দুলালি বেগমের (৩৮) পরনের কাপড়ে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে। তাঁদের প্রথমে সাভার গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দুলালি বেগম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর ভাই আবদুস সামাদ বলেন, তিনি এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, জাফর আলীর মৃত্যুর ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
জাফরের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রুয়েরপাড় বটতলা গ্রামে। স্ত্রীকে নিয়ে তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় থাকতেন। জাফর স্থানীয় একটি পোশাক কারখানায় নিরাপত্তাকর্মীর চাকরি করতেন। তাঁর স্ত্রীও পোশাক কারখানার শ্রমিক।