আশুলিয়ায় দম্পতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ায় গতকাল শনিবার অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক ও তাঁর স্ত্রী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। আশুলিয়া থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশুলিয়ার কবিরপুর এলাকার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল মজিদ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য গতকাল ভোর সাড়ে চারটার দিকে ঘর থেকে বের হন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে এবং তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাঁর চিৎকার শুনে স্ত্রী রাবেয়া মজিদ ছুটে গেলে দুর্বৃত্তরা তাঁকেও আঘাত করে। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত ব্যক্তিদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত আবদুল মজিদ জানান, তিনি এলাকায় বিচার সালিস করতেন। এতে কোনো পক্ষ ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়ে থাকতে পারে। তিনি হামলাকারীদের চিনতে পারেননি।আশুলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রেহেনা আক্তার হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।