ঢাকার আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন দলিল লেখকেরা। তাঁরা ওই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অশালীন আচরণের অভিযোগ করেছেন।
এদিকে দলিল লেখকদের কর্মবিরতির কারণে জমির ক্রেতা-বিক্রেতারা গতকাল ভোগান্তির শিকার হয়েছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে এসে দলিল সম্পাদন করতে না পেরে তাঁদের ফিরে যেতে হয়। আশুলিয়ার পবনার টেকের আলমগীর হোসেন বলেন, বৃদ্ধ বাবাকে নিয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা জমি নিবন্ধন করার জন্য গতকাল আশুলিয়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ে যান। কিন্তু দলিল লেখকদের কর্মবিরতির কারণে তাঁদের ফিরে যেতে হয়।
কয়েকজন দলিল লেখকের সঙ্গে কথা বলে জানা গেছে, সাব-রেজিস্ট্রার গাজী আবু হানিফ আশুলিয়ায় যোগদান করেন গত সোমবার। ঘুষের টাকা নিয়ে মাত্র তিন দিনেই দলিল লেখকদের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে দলিল লেখকেরা গতকাল সকালে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভ থেকে তাঁরা অনতিবিলম্বে সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবি জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকার আশুলিয়ার গোরাট গ্রামের ইয়ানুছ আলী স্থানীয় দিয়াখালি মৌজার ১০ শতাংশ জমি বিক্রি করেন ময়মনসিংহের নান্দাইল সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে। ১৯৬৯ সালে সম্পাদিত ওই দলিলে ভুলবশত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নাম নান্দাইলের পরিবর্তে সাভার লেখা হয়েছিল। ওই দলিলের ভুল সংশোধনের জন্য গত বুধবার নিয়ম অনুযায়ী একটি ঘোষণাপত্র সাব-রেজিস্ট্রার আবু হানিফের কাছে উপস্থাপন করা হয়। কিন্তু নানা অজুহাতে তিনি (আবু হানিফ) ওই ঘোষণাপত্র সম্পাদনে অপারগতা প্রকাশ করেন। ঘোষণাপত্রের লেখক কৃষ্ণ চন্দ্র সরকার বলেন, ঘোষণাপত্রটি সম্পাদনের জন্য সাব-রেজিস্ট্রার প্রথমে দেড় লাখ টাকা দাবি করেন। এরপর এক লাখ টাকায় তা সম্পাদনে সম্মত হন। একই সময় দলিল লেখক মোস্তফা কামাল বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র থাকার পরও ঘুষ না দেওয়ায় সাব-রেজিস্ট্রার বুধবার তাঁর দলিল সম্পাদন করেননি।
আশুলিয়া সাব-রেজিস্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, ঘুষ ছাড়া সাব-রেজিস্ট্রার কোনো দলিলে স্বাক্ষর করেন না। দাপ্তরিক কাজ করান তাঁর আত্মীয় ও বহিরাগত ব্যক্তিদের দিয়ে। তিনি বলেন, তাঁর অন্যায় কাজের প্রতিবাদ করলেই তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও গায়ে হাত তোলার চেষ্টা করেন।
দলিল লেখকদের অভিযোগ অস্বীকার করে আবু হানিফ বলেন, তাঁদের কথামতো কাজ না করায় তাঁরা এসব অভিযোগ করছেন।