আশুলিয়ায় দলিল লেখকদের কর্মবিরতি মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় পাঁচ দিন ধরে কর্মবিরতি পালন করছেন দলিল লেখকেরা। এতে আশুলিয়া সাবরেজিস্ট্রি কার্যালয়ে জমির নিবন্ধন করতে আসা দাতা-গ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন।

সাবরেজিস্ট্রার গাজী আবু হানিফের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অশালীন আচরণের অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে দলিল লেখকেরা গত বৃহস্পতিবার কর্মবিরতি শুরু করেন। এদিকে দলিল লেখকদের সঙ্গে সাবরেজিস্ট্রারের বিরোধ মেটাতে আজ মঙ্গলবার সমঝোতা বৈঠকের আয়োজন করেছেন জেলা রেজিস্ট্রার আবদুল জলিল। আবদুল জলিল বলেন, ‘উভয় পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। এ কারণে দুই পক্ষকেই আমার দপ্তরে ডাকা হয়েছে। সামনাসামনি তাঁদের বক্তব্য শুনে ব্যবস্থা নেওয়া হবে।’

আশুলিয়ার বাইপাইলের সাঈদুর রহমান গতকাল সোমবার বলেন, ঋণ নেওয়ার জন্য ব্যাংকে জমি বন্ধক (মর্টগেজ) রাখতে একটি দলিল নিবন্ধনের জন্য তিনি পাঁচ দিন ধরে আশুলিয়া সাবরেজিস্ট্রি কার্যালয়ে যাওয়া-আসা করছেন। কিন্তু দলিল লেখকদের কর্মবিরতির কারণে তাঁকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

দলিল লেখকদের পক্ষ থেকে বলা হয়েছে, সাবরেজিস্ট্রারকে অপসারণ করা না হলে তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে। সাবরেজিস্ট্রার গাজী আবু হানিফ বলেন, দলিল লেখকদের কথামতো কাজ না করায় তাঁরা মিথ্যা অভিযোগ করছেন।