আশুলিয়ায় দলিল লেখকদের ধর্মঘট চলছেই, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় দলিল লেখকদের কর্মবিরতি চলছেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের পরও সাবরেজিস্ট্রার ও দলিল লেখকদের মধ্যে সমঝোতা হয়নি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন দলিলের দাতা-গ্রহীতারা।
ঢাকা জেলা রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, সাবরেজিস্ট্রার গাজী আবু হানিফ আশুলিয়ায় যোগদান করেন গত ১৯ সেপ্টেম্বর। এর পরপরই দলিল লেখকদের সঙ্গে তিনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়ে দলিল লেখকেরা ২২ সেপ্টেম্বর থেকে দলিল লেখা বন্ধ করে দিয়েছেন।
ঢাকা জেলা রেজিস্ট্রার আবদুল জলিল ২৮ সেপ্টেম্বর ঢাকার সব সাবরেজিস্ট্রার ও আশুলিয়ার দলিল লেখকদের নিয়ে বৈঠকে করেন। উভয় পক্ষের কথা শুনে তিনি (আবদুল জলিল) নারায়ণগঞ্জের ফতুল্লার সাবরেজিস্ট্রার এ কে এম রায়হান মণ্ডলকে বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্ব দেন। রায়হান মণ্ডল ২৯ সেপ্টেম্বর আশুলিয়া সাবরেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন।
যোগাযোগ করা হলে রায়হান মণ্ডল বলেন, ‘আমি চেষ্টা করেছি, পারিনি। উভয় পক্ষ নমনীয় না হলে সমঝোতা সম্ভব নয়।’
আশুলিয়ার বাজারের অদূরে সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের এক পাশে সাবরেজিস্ট্রি কার্যালয়। সড়কের অন্য পাশে একটি ভবনে কাজ করেন দলিল লেখকেরা। গতকাল সরেজমিনে দলিল লেখকদের কার্যালয়গুলো বন্ধ পাওয়া যায়। সাবরেজিস্ট্রি কার্যালয় খোলা থাকলেও দাতা-গ্রহীতার উপস্থিতি চোখে পড়েনি। তবে বহিরাগত কিছু লোককে কার্যালয়টির সামনে পাহারা দিতে দেখা যায়।
সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনেই কথা হয় ঢাকার খিলগাঁওয়ের আলী আহাম্মদের সঙ্গে। দলিল লেখক ও সাবরেজিস্ট্রারের দ্বন্দ্বের কারণে তিনি দলিল নিবন্ধন করতে পারেননি। আলী আহাম্মদ বলেন, সপ্তাহ খানেক আগে তিনি আশুলিয়ায় ৪ শতাংশ জমি ক্রয় করেছেন। ওই জমির দলিল নিবন্ধনের জন্য তিনি পরপর চার দিন সাবরেজিস্ট্রি কার্যালয়ে আসেন। কিন্তু দলিল লেখকদের ধর্মঘটের কারণে তা সম্ভব হয়নি।
আশুলিয়া সাবরেজিস্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, সাবরেজিস্ট্রার আবু হানিফ যোগদানের পরপরই নানা অজুহাতে মোটা অঙ্কের ঘুষ দাবি করতে থাকেন। ঘুষ ছাড়া কোনো দলিলেই তিনি স্বাক্ষর করেন না। এসবের প্রতিবাদে তাঁরা আন্দোলন করছেন। আন্দোলন থেকে তাঁদের বিরত রাখতে সাবরেজিস্ট্রার বহিরাগত সন্ত্রাসী ভাড়া করেছেন। সন্ত্রাসীরা অফিস চলাকালীন তাঁর (সাবরেজিস্ট্রার) কার্যালয়ের সামনে মহড়া দেয়। দলিল লেখকদের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। তিনি বলেন, সামগ্রিক বিষয় জানিয়ে প্রতিকার চেয়ে সোমবার তাঁরা জেলা রেজিস্ট্রার ও মহাপরিদর্শক নিবন্ধনের কাছে স্মারকলিপি দিয়েছেন।
গতকাল দুপুরে সাবরেজিস্ট্রি কার্যালয়ে গেলে বহিরাগতরা এ প্রতিবেদককে ভেতরে ঢুকতে দেয়নি। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন না ধরায় আবু হানিফের বক্তব্য নেওয়া যায়নি। অবশ্য এর আগে আবু হানিফ বলেছিলেন, ‘আমি দলিল লেখকদের অন্যায় দাবি না মানায় তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’