জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ চারজনকে দোকানের আসবাব ভাঙচুর, টাকা ছিনতাই ও মারধরের অভিযোগে গণপিটুনি দিয়ে গত শুক্রবার থানায় সোপর্দ করেন ব্যবসায়ীরা। তবে আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, তাঁরা গতকাল শনিবার জামিনে বেরিয়ে এসেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, আশুলিয়ার পল্লী বিদ্যু ৎ এলাকার শক্তি প্লাজা মার্কেটের কাঠের ফার্নিচার ব্যবসায়ী উজ্জ্বল গত শুক্রবার সকালে সাইফুল ইসলামের কাছে পাওনা টাকা চাইলে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। সাইফুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নবীনুর ইসলামের (ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচ) পূর্বপরিচিত। এ কারণে সাইফুল মুঠোফোনে বিষয়টি নবীনুর ইসলামকে জানান। পরে নবীনুর ইসলাম ও একই বিভাগের মো. মেহেদী হাসানসহ (৪০তম ব্যাচ) ছয়-সাতজন যুবক ওই মার্কেটে যান। এ সময় তাঁরা মার্কেটের নিচতলায় অবস্থিত গোল্ড স্যাটেলাইট নেটওয়ার্কের দোকানে গিয়ে দোকানের টেকনিশিয়ান জামাল হোসেন ও কামাল হোসেনের কাছে উজ্জ্বলের অবস্থান জানতে চান। কিন্তু তাঁরা জানেন না বলে জানালে শিক্ষার্থীরা কামালকে চড়থাপড় মারেন। এ ছাড়া তাঁরা সেখানে উপস্থিত অপর টেকনিশিয়ান বেলাল হোসেনের কাছ থেকে মুঠোফোনসহ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেন বলে দাবি করেন দোকানের কর্মচারীরা। কামাল ও বেলালের চি ৎ কারে মার্কেটের অন্য ব্যবসায়ী ও কর্মচারীরা ঘটনাস্থলে এসে নবীনুর ইসলাম, মেহেদী হাসান, নবীনগর এলাকার আমিরুল ইসলাম ও সাইফুলকে গণপিটুনি দেন। এ সময় অন্যরা পালিয়ে যান। পরে তাঁদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। ওই দিন রাতে গোল্ড স্যাটেলাইট নেটওয়ার্কের মালিক সোহেল হোসেন তাঁদের বিরুদ্ধে দোকানের আসবাব ভাঙচুর, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান কউসিক আহম্মেদ বলেন, থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের গতকাল আদালতে পাঠানো হয়। পরে তাঁরা জামিনে বেরিয়ে আসেন।