আশুলিয়ায় দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুজন পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আবু হানিফ (৩২) ও কিসমত আলী (৩৫)।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, নরসিংহপুর গ্রামের আক্কাস আলীর বাড়িতে পাঁচ-ছয়জন পরিচ্ছন্নতাকর্মী আজ ভোর চারটা থেকে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করেন। তাঁরা যন্ত্রের সাহায্যে কাজ করছিলেন। পাঁচটার দিকে পরিচ্ছন্নতাকর্মী কিসমত ৪০-৫০ ফুট গভীর সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। তাঁর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে অপর পরিচ্ছন্নতাকর্মী আবু হানিফও এর ভেতরে নামেন। তাঁরও সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। সেপটিক ট্যাংকের ভেতর থেকে ওই দুজনের লাশ উদ্ধার করেন তাঁরা।
পরে লাশ দুটি আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানিয়েছেন, স্বজনেরা লাশের ময়নাতদন্ত করতে আগ্রহী নন। তাই তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।