আশুলিয়ায় দুই পোশাক কারখানায় ভাঙচুর, সংঘর্ষে আহত ১৫
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল শনিবার সকালে ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি পোশাক তৈরির কারখানায় শ্রমিকেরা ভাঙচুর করেছেন। একই দিনে উপজেলার নিশ্চিন্তপুর এলাকার একটি কারখানায় নিজেদের মধ্যে সংঘর্ষে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন।পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার জামগড়া এলাকার সেতারা গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানার এক অপারেটরকে চাকরিচ্যুত করা হয়। গতকাল শনিবার কারখানার প্রায় আড়াই হাজার শ্রমিক এর প্রতিবাদ করে তাঁকে পুনর্বহালের দাবি জানান। কর্তৃপক্ষ রাজি না হলে সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার কিছু অংশে ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এরপর কর্তৃপক্ষ কারখানা থেকে পুলিশকে বের করে দিয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কর্মবিরতি পালন করে চলে যান।অপরদিকে নিশ্চিন্তপুর এলাকায় এজে গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন।পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে কাজ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মিজানুর রহমান ও নাছরিন নামের দুই অপারেটরকে লাঞ্ছিত করেন কারখানার কাটিং-ব্যবস্থাপক বিপ্লব ও সুপারভাইজার রুবেল। এ খবর ছড়িয়ে পড়লে কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক ওই দিন কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। পরে মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বিষয়টি মীমাংসা হয়ে যায়। কিন্তু গতকাল সকালে বেশির ভাগ শ্রমিক কাজে যোগ দিলেও কাটিং বিভাগের প্রায় ১০০ শ্রমিক বিপ্লবের অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করতে থাকেন। অন্য বিভাগের শ্রমিকেরা কাজ করতে থাকায় ক্ষুব্ধ হয়ে কাটিং বিভাগের শ্রমিকেরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। শ্রমিকেরা অভিযোগ করেন, বেশ কিছু বহিরাগত সন্ত্রাসীও হামলার সঙ্গে জড়িত ছিল। দুই পক্ষে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১৫ শ্রমিক আহত হন। পরে কর্তৃপক্ষ কারখানায় গতকালের জন্য ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা চলে যান।আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ওবায়দুর, হাসান, মিলু, আলম ও মজিবরকে আশুলিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ওবায়দুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ব্যাপারে কারখানা দুটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলেও নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেননি।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।