আশুলিয়ায় দুই পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ
ঢাকার আশুলিয়ার গাজিরচট ও আউখপাড়া এলাকায় অবস্থিত দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার বিক্ষোভ করেছেন। সোয়েটারপ্রতি পারিশ্রমিক ও ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিকেরা ওই বিক্ষোভ করেন।আশুলিয়া থানা, শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গাজিরচট এলাকার ‘হ্যান এ হ্যাটস ক্যাপ’ নামের পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে ভাতা বাড়ানোর দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে দুপুরের দিকে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। কয়েকজন শ্রমিক জানান, জিনিসপত্রের দাম বাড়লেও দীর্ঘদিন ধরে তাঁদের একই হারে ভাতা প্রদান করা হচ্ছিল। বারবার দাবি জানিয়েও কোনো সুফল না পেয়ে তাঁরা আন্দোলনের পথ বেছে নেন। অপরদিকে আউখপাড়া এলাকার ‘ডাইনেস্টি সোয়েটার’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা সোয়েটারপ্রতি পারিশ্রমিক বৃদ্ধিসহ কারখানার নির্বাহী পরিচালক জিয়াউর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন। সকাল ১০টার দিকে শ্রমিকেরা একযোগে কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে তাঁদের দাবি জানাতে থাকেন। দুপুরের দিকে কিছুসংখ্যক শ্রমিক কোনো সমঝোতা ছাড়াই কাজে যোগ দিলেও অধিকাংশ শ্রমিক বিকেল পাঁচটা পর্যন্ত বিক্ষোভ করে বাড়ি চলে যান।