আশুলিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই শিশুসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার কবীরপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল রোববার সন্ধ্যায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই শিশুসন্তানসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন।নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের লাইলী বেগম (২৫), মেয়ে রিয়া আক্তার (৬) ও ছেলে হূদয় (১)। নিহত আরেকজন রফিকুল ইসলাম (২৫) স্থানীয় একটি প্রতিষ্ঠানের শ্রমিক। রাত ১০টা পর্যন্ত নিহত অন্য দুই নারীর পরিচয় পাওয়া যায়নি।পুলিশ জানায়, লাইলী বেগমের স্বামী আবদুর রহিমও গুরুতর আহত হয়েছেন। ঈদের ছুটি শেষে আবদুর রহিম স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি থেকে ওই বাসে সাভার যাচ্ছিলেন। রহিম ও লাইলী সাভারে একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে তাঁদের এক প্রতিবেশী নিশ্চিত করেছেন। আশুলিয়া থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বোরাক পরিবহনের বাসটি গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কবীরপুর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে পাবনাগামী কোহিনুর পরিবহনের অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বোরাক পরিবহনের চারজন ও কোহিনুর পরিবহনের দুই যাত্রী মারা যান। ঘটনাস্থলে নিহত হন চারজন এবং আশুলিয়ার জিরানী এলাকার বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অন্য দুজন। ঘটনার প্রত্যক্ষদর্শী কবীরপুর এলাকার বাসিন্দা মো. শাজাহান জানান, বোরাক পরিবহনের বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। বাসটি হঠাৎ ডান দিকে সরে গেলে পাবনাগামী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বোরাক পরিবহনের বাসটি সড়কের পাশে খাদে গিয়ে পড়ে। পাবনাগামী বাসটি সড়কের ওপরেই থাকে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছয়জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।