আশুলিয়ায় দুই বাসের সংঘর্ষে চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। একই দিন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় আরেকজন নিহত হন। 

আশুলিয়ায় নিহত ব্যক্তিরা হলেন স্থানীয় মজিবর রহমান (২০), যশোরের স্বদেশ (৩৫), খুলনার আব্বাস আলী (১৪) ও নোয়াখালীর মরিয়ম বেগম (৩৫)। 

আশুলিয়া থানার পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস গতকাল সকাল আটটার দিকে আশুলিয়ার বেড়িবাঁধের অদূরে মরাগাঙ এলাকায় আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা সাভারগামী আনন্দ সুপার পরিবহনের একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঈগল পরিবহনের বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় দুটি বাসেরই সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বলেন, দুর্ঘটনায় ঈগল পরিবহনের বাসের চালক স্বদেশ, যাত্রী আব্বাস ও আনন্দ সুপারের যাত্রী মরিয়ম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আনন্দ সুপারের বাসের চালক মজিবর রহমান মারা যান।

রাসেল মোল্লা জানান, দুর্ঘটনার পর পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। তবে আহত অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নওশের মিয়া নামের এক শ্রমিক বলেন, ঈগল পরিবহনের বাসটি দ্রুতগতিতে এসে ডান দিকে চেপে গিয়ে আনন্দ সুপারের সামনে মেরে দেয়। তবে ঈগল পরিবহনের যাত্রী আনোয়ার হোসেনসহ আরও অনেকে বলেন, বাসটির চালক ঘুমিয়ে ঘুমিয়ে চালাচ্ছিলেন। তাঁকে কয়েকবার সতর্ক করার পরও তিনি ঝিমাচ্ছিলেন। এ কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় নিহত ব্যক্তি হলেন শাহাদাত হোসেন (৬০)। তিনি বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা মার্কেটে দেড় বছর ধরে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি জেলার হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে বাসস্ট্যান্ড এলাকায় শাহাদাত ঢাকা-আরিচা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।