আশুলিয়ায় দুই বাড়িতে ডাকাতি, আহত ৪
ঢাকার সাভারের আশুলিয়া থানার কাঠগড়া এলাকার দুটি বাড়িতে গত রোববার দিবাগত রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। ডাকাতদের ছুরিকাঘাতে নারীসহ চারজন আহত হয়েছেন। এলাকাবাসী ও সংশ্লিষ্ট পরিবার থেকে জানানো হয়, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১৫ জনের একদল ডাকাত কাঠগড়া এলাকায় ফজলুর রহমানের বাসায় হানা দিয়ে প্রথমে বাড়ির নিরাপত্তাকর্মীদের বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তা ফজলুর রহমান, তাঁর স্ত্রী মুন্নি বেগম ও ছেলে মাহিসহ চারজন আহত হন। পরে ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন কক্ষের আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়। এরপর ডাকাতেরা পাশের ফ্ল্যাটের বাসিন্দা ফজলুর রহমানের ভাই মজিবর রহমান পালোয়ানের বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণালংকার ও মালামাল লুটে নেয়। ডাকাতির আভাস পেয়ে প্রতিবেশীরা মসজিদের মাইকে এলাকাবাসীকে জড়ো হওয়ার আহ্বান জানায়। ডাকাতেরা ভোর সাড়ে চারটার দিকে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। ফজলুর রহমান দাবি করেন, ডাকাতেরা তাঁদের বাসা থেকে ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ প্রায় এক লাখ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ ব্যাপারে ফজলুর রহমানের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে গতকাল আশুলিয়া থানায় মামলা করেন।রফিকুল ইসলাম অভিযোগ করেন, থানায় ডাকাতির লিখিত অভিযোগ করা হলেও পুলিশ চুরির মামলা হিসেবে তা তালিকাভুক্ত করেছে। ডাকাতির মামলা না নিয়ে চুরির মামলা নেওয়া হলো কেন—জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা খুনের উদ্দেশ্যে ওই দুই বাড়িতে হানা দেয়, ডাকাতির উদ্দেশ্যে নয়। যাকে খুন করতে গিয়েছিল, তাকে না পেয়ে হাতের কাছে যা পেয়েছে তা-ই নিয়ে গেছে। মামলাও সেভাবেই তালিকাভুক্ত করা হয়েছে।