আশুলিয়ায় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে গতকাল সোমবার দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।এর আগে গত রোববার রাতে পুলিশ আশুলিয়ার সিঞ্জুরিয়া এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মস্তকবিহীন লাশ উদ্ধার করে। গত বৃহস্পতিবার মরাগাঙ্গ নদী থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা এক নারী ও কন্যাশিশুর অর্ধগলিত লাশ। সব মিলিয়ে গত এক সপ্তাহে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হলো।আশুলিয়া থানা সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। একই দিন ভোর ছয়টার দিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) নতুন জোনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে আরেক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা চৌধুরী বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। কারণ গুলিবিদ্ধ দুই যুবকের পরনেই ছিল লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। দুজনকেই মাথার পেছন দিক থেকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তাঁদের বয়সও প্রায় কাছাকাছি।থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘যাদের লাশ পাওয়া যাচ্ছে, তাদের কেউই আশুলিয়ার বাসিন্দা নয়। অন্যত্র হত্যার পর দুর্বৃত্তরা লাশগুলো আশুলিয়ায় ফেলে রেখে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে হত্যার কারণ ও নিহত ব্যক্তিদের পরিচয় উদ্ধার করা সম্ভব হচ্ছে না।’ তিনি বলেন, গত রোববার রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছয় ব্যক্তিকে অপহরণ করা হয়। আশুলিয়ায় উদ্ধার হওয়া গুলিবিদ্ধ লাশ দুটি তাদের দুজনের হতে পারে।