আশুলিয়ায় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া থানার মাঝিপাড়া বিলে গতকাল রোববার রাতে বালুবোঝাই ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। ট্রলারের ৩০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কমপক্ষে ১৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে পুলিশের ধারণা। স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ১০টার দিকে আশুলিয়ার বলিভদ্র বড়টেক এলাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার সাভারের উনাইল এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে আশুলিয়ার কন্ডা মাঝিপাড়া এলাকায় বালুবোঝাই একটি ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, কমপক্ষে ১৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো লাশ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আশুলিয়া থানার পুলিশ রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছালেও রাত ১২টা পর্যন্ত কোনো ডুবুরি ঘটনাস্থলে গিয়ে পৌঁছেননি।