পারিশ্রমিক বাড়ানোর দাবিতে ঢাকার আশুলিয়ার দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার বিক্ষোভ করেছেন। একইদিন গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সূত্র জানায়, আশুলিয়ার জামগড়ার বাঁশতলা এলাকার এসএস ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত মদিনাপেল সোয়েটার লিমিটেডের সহস্রাধিক শ্রমিক সকাল আটটার দিকে কর্মস্থলে উপস্থিত হয়ে সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান। এক পর্যায়ে তাঁরা সোয়েটারপ্রতি পারিশ্রমিক ৬০ টাকার পরিবর্তে ৯০ টাকা করার জন্য লিখিত আবেদন করেন। কর্তৃপক্ষ তাঁদের দাবি মানতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে বসে সমস্যা সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে দুপুরের পর কারখানা ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা বাড়ি চলে যান।কারখানার মহাব্যবস্থাপক (জিএম) দাউদ-উর-রহমান জানান, নিয়ম অনুযায়ী শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে। এর পরও তাঁরা পারিশ্রমিক বাড়ানোর দাবি করছেন। আলোচনা করে এর সমাধানের চেষ্টা চলছে।অন্যদিকে আশুলিয়ার জিরাবো এলাকার প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকেরা একই দাবিতে গতকাল কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। পরে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনা ব্যর্থ হলে এ কারখানাটিও গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশের আশুলিয়া জোনের পরিদর্শক আবদুস সাত্তার শ্রমিক বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে সেপ্টেম্বর মাসের বেতানের দাবিতে গাজীপুর সদর উপজেলার ভোগড়া চৌধুরীবাড়ি এলাকার প্যানএশিয়া সোয়েটার কারখানার শ্রমিকেরা সন্ধ্যায় বিক্ষোভ করেন ও প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, গত সেপ্টেম্বর মাসের বেতন ৪ অক্টোবর পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ পরপর দু’বার বেতনের তারিখ পরিবর্তন করে গতকাল শ্রমিকদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সন্ধ্যা ছয়টা পর্যন্ত বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এ সময় কর্তৃপক্ষ আবারও বেতনের তারিখ পরিবর্তন করে আগামী বৃহস্পতিবার পরিশোধের তারিখ দেয়। এতে কারখানার সহস্রাধিক শ্রমিক উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় উত্তেজিত শ্রমিকেরা কারখানা থেকে পরিত্যক্ত ঝুট এনে মহাসড়কে স্তুপ করে তাতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে শ্রমিকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিলে রাত পৌনে আটটার দিকে মহাসড়কের পুনরায় যান চলাচল শুরু হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. সেলিম খান প্রথম আলোকে জানান, কারখানার শ্রমিকেরা মহাসড়কের ওপর ঝুটে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা আবুল বাসার প্রথম আলোকে জানান, আগামী বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে ও কারখানা যথারীতি খোলা থাকবে।