আশুলিয়ায় দুটি প্রতিষ্ঠানে শ্রমিক ও প্রশিক্ষণার্থীর সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার জিরাব এলাকায় গতকাল বুধবার দুটি প্রতিষ্ঠানের শ্রমিক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় একটি প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আশুলিয়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুর ১২টার দিকে জিরাব এলাকার মাবিয়া সোয়েটার কারখানার কয়েকজন শ্রমিক কারখানার পাশের একটি দোকানের বেঞ্চে বসে চা খাচ্ছিলেন। এ সময় পাশের সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের কয়েকজন প্রশিক্ষণার্থীর সঙ্গে বেঞ্চে বসাকে কেন্দ্র করে বাগিবতণ্ডা হয়। বাগিবতণ্ডার একপর্যায়ে উভয় প্রতিষ্ঠানের শ্রমিক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের কয়েক শ প্রশিক্ষণার্থী একজোট হয়ে মাবিয়া সোয়েটারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে মাবিয়া সোয়েটারের শ্রমিক এনামুল, সাইদুল, সুমন, রাসেল, রতন, আক্তার, শুভ, পারভেজ, সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের মামুন বিল্লাহ, আনিসুর, আরিফ, নাজমুল, আরিফুল ইসলাম ও নাজিমসহ উভয় পক্ষের ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মাবিয়া সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান বলেন, সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীরা তাঁর কারখানায় হামলা চালিয়ে সাত লাখ টাকা ও তিন লাখ টাকা দামের ৪০০টি সোয়েটার লুট করে নিয়ে গেছেন। এ ছাড়া তাঁরা কারখানার দরজা-জানালা ও যন্ত্রপাতি ভাঙচুর করে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে গেলে নিরাপত্তাকর্মীদের বাধার কারণে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মজিবুর রহমান বাদী হয়ে গতকাল মামলা করেছেন।