আশুলিয়ায় দুর্ঘটনা
আশুলিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নবীনগর থেকে ঢাকার আব্দুল্লাহপুর আসার পথে আশুলিয়া বাজারের কাছে আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে খেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
ঘটনাস্থল থেকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির প্রথম আলোকে বলেছেন, ‘এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের মধ্যে একজনের নাম শাহনাজ (২৫)। তিনি পোশাক শিল্প শ্রমিক। নিহত পুরুষের পরিচয় পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
তিনি জানান দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। আহতদের আশুলিয়া ও এর আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউকে কাউকে চিকিৎসার জন্য ঢাকাতেও নেওয়া হয়েছে।