আশুলিয়ায় নারী কনস্টেবলের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার নারী ব্যারাক থেকে গতকাল বুধবার দুপুরে ছাবিনা ইয়াসমিন (২৬) নামে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়া থানার পুলিশ জানায়, ছাবিনা ইয়াসমিন মানিকগঞ্জের হরিরামপুরের হযরত আলীর মেয়ে। ২০১০ সালের ১০ অক্টোবর কনস্টেবল পদে তিনি যোগদান করেন। আশুলিয়া থানায় যোগদান করেন গত ২৮ জানুয়ারি। ছাবিনা এক সহকর্মীর সঙ্গে নারী ব্যারাকের একটি কক্ষে থাকতেন। গতকাল ১০টার দিকে তিনি কর্মস্থলে এসে দৈনন্দিন কাজকর্ম করেন। এরপর ব্যারাকে চলে যান। তাঁকে থানায় না পেয়ে এক সহকর্মী বেলা দুইটার দিকে ব্যারাকে যান। এ সময় তিনি ছাবিনাকে তাঁর কক্ষে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। এ সময় ব্যারাকে আর কেউ ছিলেন না। খবর পেয়ে ওসি মহসিনুল কাদির ব্যারাকে যান। এরপর তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বিকাশ বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
আশুলিয়া থানার একটি সূত্র জানায়, থানার এক কনস্টেবলের সঙ্গে ছাবিনার প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, এ সম্পর্কের জের ধরে তিনি আত্মহত্যা করেন। ওসি মহসিনুল কাদির বলেন, ছাবিনাকে কেউ আত্মহত্যায় প্ররোচনা দিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।