আশুলিয়ায় নারী ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার ভাদাইলে এক নারী চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার নারীর নাম সালমা আক্তার। তিনি ভাদাইল দক্ষিণপাড়ার আলাউদ্দিন সরকারের স্ত্রী ও পেশায় একজন হোমিও চিকিৎসক। ভাদাইলে আদিবা হোমিও হল নামে তাঁর একটি প্রতিষ্ঠান রয়েছে।
আশুলিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে সালমা আক্তার বাসা থেকে তাঁর প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় এক তরুণ তাঁর পিঠে ও পেটে ছরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আলাউদ্দিন সরকার বলেন, কয়েক দিন আগে এক তরুণ মুঠেফোনে তাঁর এক মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেন। তিনি প্রত্যাখ্যান করায় ওই তরুণ ফোনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সম্ভবত ওই তরুণই হত্যার উদ্দেশ্যে আমার স্ত্রীর ওপর হামলা চালিয়েছেন।’
জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।