আশুলিয়ায় নারী শ্রমিকদের জন্য ১০ তলা ভবন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ায় এক একর জমিতে নারীদের আবাসনের জন্য ১০ তলা ডরমিটরি ভবন নির্মাণ করা হবে। এলাকার কর্মরত নারীরা এখানে থাকার সুযোগ পাবেন। কিছুটা কর্মজীবী মহিলা হোস্টেলের আদলে এটি করা হলেও শিশুসহ মায়েদেরও থাকার সুযোগ থাকবে।সংসদ ভবনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে সভায় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, সিরাজুল আকবর, জিনাতুন নেসা তালুকদার, রেবেকা মমিন, নাসরিন জাহান, হাসিনা আহমেদ ও আসমা জেরীন অংশ নেন।সভায় নারী শ্রমিকদের আবাসিক সমস্যার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে গার্মেন্ট-অধ্যুষিত এলাকাগুলোতে নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থার উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে বলা হয়। আশুলিয়ার ভবনটির পর গাজীপুরে আরেকটি ভবন হবে বলে মন্ত্রণালয় থেকে কমিটিকে জানানো হয়।সভায় কর্মজীবী মহিলা হোস্টেল পরিচালনা কার্যক্রম নিয়মিত তত্ত্বাবধান ও পরিদর্শন বাড়ানোর সুপারিশ করা হয়। একই সঙ্গে হোস্টেলের দায়িত্ব পালনে অবহেলা ও তহবিল আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে কমিটির সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সভায় মহিলাবিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমীর জন্য নতুন নতুন প্রকল্প গ্রহণ, কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচিতে শিশুদের সুযোগ বাড়ানো এবং সব জেলায় নিজস্ব ভবন সম্প্রসারণ করতে মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলা হয়।