আশুলিয়ায় নারীর টুকরো লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার আগের দিন শুক্রবার রাতে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাসার ভেতরের ড্রাম থেকে এক নারীর টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি।

আশুলিয়া থানার পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর ওই বাড়ির মালিক মাসুদ রানার বাসার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা আশুলিয়া থানায় খবর দেন। পরে পুলিশ এসে ওই কক্ষের তালা ভেঙে একটি ড্রামের ভেতর থেকে এক নারীর ৩৮ টুকরো লাশ উদ্ধার করে। লাশের টুকরোগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে।

লাশের ময়নাতদন্তের সঙ্গে যুক্ত ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, শ্বাসরোধ করে হত্যার পর ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরো টুকরো করা হয়েছে। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার এক ব্যক্তি নিজেকে মজিবুর রহমান পরিচয় দিয়ে সৌদিপ্রবাসী মাসুদ রানার একতলা বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। এই নামে তিনি জামগড়া এলাকার একটি টেইলার্সে কাজ করতেন। পূর্বপরিকল্পিতভাবে লাশ গুম করার জন্য ওই ব্যক্তি তথ্য গোপন করে কক্ষটি ভাড়া নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ওই রাতেই নারীটিকে হত্যা করা হয়। বাসা ভাড়া নেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার ও লাশের পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, বাড়িটির তত্ত্বাবধায়কের নাম হারুন। তিনি ঈদ উদ্‌যাপনের জন্য তাঁর স্ত্রী-সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি পাবনায় যান। বাড়ির মালিক মাসুদ রানার স্বজনদের কেউ এখানে থাকেন না। ড্রামের ভেতর থেকে লাশ উদ্ধারের পর হারুনকে আশুলিয়ায় আসতে বলা হয়। আশুলিয়ায় এলে পুলিশ রোববার হারুনকে আটক করে।

মজিবুর নামধারী ব্যক্তি ভাড়া নেওয়ার আগে মেহেদী হাসান নামের এক ব্যক্তি ওই কক্ষে থাকতেন। মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, ‘তাঁকে আমরা মজিবুর নামেই জানতাম। তিনি বিবাহিত ছিলেন। বাড়ি ঝিনাইদহে। তিনি সত্য নাকি মিথ্যা বলেছেন, তা জানি না। তিনি ৩০ আগস্ট তাঁর কর্মস্থল থেকে সব পাওনা হিসাব করে নিয়ে যান।’

বাড়ির তত্ত্বাবধায়ক হারুন পুলিশকে বলেছেন, বাড়ির কাছে একটি টেইলার্সে মজিবুর কাজ করতেন। দুই মাস আগে মজিবুর ওই টেইলার্সে কারিগর হিসেবে যোগ দেন। গত ২৮ আগস্ট মজিবুর বলেন, তিনি তাঁর স্ত্রীকে নিয়ে আসবেন, তাই তাঁর একটি কক্ষ দরকার। তখন বাড়ির খালি কক্ষ তাঁর কাছে ভাড়া দেওয়া হয়। তাঁর কাছে কাগজপত্র চাইলে তিনি পরে দেওয়ার কথা বলেন। ৩০ আগস্ট মজিবুর মালামালসহ এক নারীকে নিয়ে ওই কক্ষে ওঠেন। কয়েকটি ড্রামও তাঁর সঙ্গে ছিল। মজিবুরকে কক্ষে তুলে দিয়ে ঈদ করতে তিনি স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়ি চলে যান।