আশুলিয়ায় পাঁচ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে আশুলিয়া বাজার এলাকায় গত বৃহস্পতিবার রাতে ডাকাত সন্দেহে পাঁচজনকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। পরে ওই পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে একই রাতে ডাকাত সন্দেহে আরও সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে আশুলিয়া বাজারের পাশে বঙ্গবন্ধু সড়কে নরসিংদীর হাসান মাহমুদ, বাগেরহাটের শেখ রাসেল, ময়মনসিংহের শরীফ মিয়া, আশুলিয়ার মোবারক হোসেন ও হবিগঞ্জের নূর মোহাম্মদ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এলাকাবাসীর সন্দেহ হলে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁদের কাছে দুটি ছোরা পাওয়া যায়। পরে জনতা তাঁদের পিটুনি দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের হেফাজতে দেয়। ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশ তাঁদের নিয়ে যায়। পরে গতকাল দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আশুলিয়ার চারাবাগ এলাকার শফিকুল ইসলাম জানান, তিনি এ ব্যাপারে বাদী হয়ে গতকাল একটি মামলা করেছেন। পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়া সেতুর পাশে একটি বাসের মধ্যে বসে কথা বলছিলেন পটুয়াখালীর মামুন, মুন্সিগঞ্জের কামাল হোসেন ও শহীদুল ইসলাম, গাজীপুরের সাদ্দাম, রংপুরের সবুজ, সিরাজগঞ্জের রাজু আহামেদ ও ফরিদপুরের ওমর আলী। ঠিক তখন ওই এলাকায় চলন্ত যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টা করছিল ডাকাতেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধরতে না পেরে সন্দেহজনকভাবে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিরা জানান, বাসটি বিকল হওয়ার পর তাঁরা কয়েকজন ওই বাসটি পাহারা দেওয়ার জন্য যান। এরপর বাসে বসে গল্প করে রাত কাটাচ্ছিলেন। তাঁরা বিভিন্ন এলাকার হলেও আশুলিয়া থেকে যানবাহনে চালকের সহকারীর কাজ করেন।