আশুলিয়ায় পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ
ঢাকার আশুলিয়ার বলিভদ্র-শিমুলিয়া সড়কের কন্ডা সেতুর নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। পাইলিং শেষে দুটি পিলারের রড দাঁড় করানো ছাড়া কাজের আর কোনো অগ্রগতি নেই। তবু চুক্তি মূল্যের প্রায় অর্ধেক টাকা পরিশোধের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা মাইঝাইল, পাইচাইল, ধামসোনা, গোপালবাড়ি ও উনাইল গ্রামের প্রায় ৩০ হাজার লোকের যাতায়াতের একমাত্র ভরসা বলিভদ্র-শিমুলিয়া সড়ক। এই সড়কের কন্ডা এলাকার ছোট একটি বিল ও বংশী নদীর শাখা গ্রামগুলোকে মূল ভূখণ্ড থেকে বিভক্ত করে রেখেছে।
উনাইল গ্রামের ইসমাইল হোসেনসহ অনেকে বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা কন্ডা বিলসহ বংশী নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কন্ডা বিলের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু গত পাঁচ বছর পর হলেও সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় তাঁদের দুর্ভোগ কমছে না।
সাভার উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, কন্ডা এলাকায় ৬৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঢাকার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ২০১১ সালে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে অংশ নিয়ে ২ কোটি ৩৮ লাখ টাকায় সেতু নির্মাণের কাজ পায় মেসার্স সিকদার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এরপর পাঁচ বছর পার হলেও প্রতিষ্ঠানটি সেতুর পাইলিং ছাড়া আর কোনো কাজ করেনি। তাই চলতি বছরের শুরুতে চুক্তি বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হয়। এবারের দরপত্রে অংশ নিয়ে ১ কোটি ৯৫ লাখ ৯১ হাজার টাকায় কাজ পায় পদ্মা কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লাইন ফার্ম নামের একটি প্রতিষ্ঠান। গত ১১ এপ্রিল ওই প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন সেতুটির দুটি পিলারের রড দাঁড়িয়ে রয়েছে। সেখানে কোনো শ্রমিককেও পাওয়া যায়নি। নির্মাণশ্রমিকদের থাকার ঘরগুলো ফাঁকা পড়ে রয়েছে।
কন্ডা গ্রামের নূরুল আমিন বলেন, প্রথম ধাপে সেতুর পাইলিংয়ের পর ঠিকাদার আর কোনো কাজ করেননি। এরপর প্রায় পাঁচ বছর পার হয়। মাস খানেক আগে অন্য এক ঠিকাদার দুটি পিলারের কাজ শুরু করেন। তবে পিলারের রড তোলার পর কাজ বন্ধ রেখেছেন। তিনি বলেন, যেখানে সেতু নির্মাণ করা হচ্ছে ওই এলাকা মূলত নিচু আবাদি জমি। জ্যৈষ্ঠ থেকে আশ্বিন মাস পর্যন্ত পানি থাকে। তাই বাকি সময়ে নির্বিঘ্নে কাজ করা সম্ভব।
সেতু নির্মাণের দায়িত্বে থাকা ইসমাইল হোসেন বলেন, গত এপ্রিল মাসে কার্যাদেশ পাওয়ার পর মূল ঠিকাদার আবদুস সালাম খানের কাছ থেকে তিনি সেতুটি নির্মাণের দায়িত্ব নিয়েছেন। এর পরপরই তিনি কাজ শুরু করেন। দুটি পিলারের রড তোলার পর পানি চলে আসায় কাজ বন্ধ রাখা হয়েছে। পানি চলে গেলে আবার কাজ শুরু করা হবে।
সাভার উপজেলা প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান বলেন, প্রথম দফায় ঠিকাদার কাজ না করায় চুক্তি বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হয়। পরবর্তী সময়ে পদ্মা কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লাইন ফার্ম নামের একটি প্রতিষ্ঠান কাজ পেয়েছে। কিন্তু পানির কারণে কাজ করতে পারছে না তারা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাইলিংয়ের কাজের জন্য আগের ঠিকাদারকে ৮২ লাখ ১৭ হাজার ১০০ টাকা বিল পরিশোধের সুপারিশ করা হয়েছিল। কিন্তু তাঁকে কত টাকা বিল পরিশোধ করা হয়েছে তা আমার জানা নেই।’