আশুলিয়ায় পাঁচ হাজার শ্রমিককে অবরুদ্ধ করে রাখার অভিযোগ
ঢাকার সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) হোপলন প্যাকেজিং বিডি লিমিটেডের পাঁচ হাজার শ্রমিককে গতকাল বুধবার দিনভর অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। শ্রমিকেরা এ সময় কাজ বন্ধ করে নিজ নিজ আসনে বসে থাকেন। ডিইপিজেড কর্তৃপক্ষ বলেছে, অবরুদ্ধ নয়, শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে ছিলেন।শ্রমিকেরা অভিযোগ করেন, ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের চাকরিচ্যুত সভাপতি মহায়মেনুল ইসলামকে চাকরিতে পুনর্বহালের দাবিতে গত মঙ্গলবার প্যাকেজিং বিভাগের কয়েক শ শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। ওই দিন বিকেল পাঁচটার দিকে বাসায় ফেরার পথে পুলিশ তাঁদের বেধড়ক লাঠিপেটা করে। গতকাল সকাল আটটার দিকে কারখানার পাঁচ হাজার শ্রমিক কর্মস্থলে গিয়ে মহায়মেনুলকে পুনর্বহাল এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে কর্মবিরতি পালন করতে থাকেন। খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাবের সদস্যরা কারখানাটি ঘিরে ফেলেন। এর পরই কারখানার বিভিন্ন ইউনিটের মূল ফটক বন্ধ করে দিয়ে তলায় তলায় শ্রমিকদের অবরুদ্ধ করে ফেলা হয়। বিকেল পাঁচটায় কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দিলে শ্রমিকেরা বাড়ি চলে যান। অবরুদ্ধ অর্ধশতাধিক শ্রমিক মুঠোফোনে প্রথম আলোকে জানান, শ্রমিকদের অধিকারের কথা বলতে গিয়ে মহায়মেনুল চাকরিচ্যুত হন। এর প্রতিবাদ করায় মঙ্গলবার শ্রমিকদের ওপর পুলিশি নির্যাতন চালানো হয়। গতকালও অবরুদ্ধ শ্রমিকদের কাজে যোগদানের জন্য নানাভাবে চাপ দেওয়া হয়। ভয় দেখানো হয় পুলিশি নির্যাতনেরও। ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর বলেন, শ্রমিকেরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছেন। তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়নি।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, মহায়মেনুলকে চাকরিচ্যুত করায় শ্রমিকেরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন।