আশুলিয়ায় পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
ঢাকার আশুলিয়ায় গত শুক্রবার বিকেলে তুরাগ নদে ডুবে তানভীর মোহাম্মদ সিদ্দিকী (২২) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন (টিএসসি) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।একই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. সাইদুজ্জামানের ভাষ্যমতে, তানভীর শুক্রবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে ঢাকার দক্ষিণখান এলাকার বাসা থেকে আশুলিয়ায় বেড়াতে যান। সেখানে নদে ভ্রমণের জন্য তাঁরা একটি নৌকা ভাড়া করেন। বন্ধুরা সবাই হুড়োহুড়ি করে একসঙ্গে নৌকায় ওঠার সময় তানভীর পানিতে পড়ে যান। তিনি সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁর লাশ উদ্ধার করা হয়।চার ভাইবোনের পরিবারে সবার ছোট তানভীরের মর্মান্তিক মৃত্যুর খবর ঢাকার বাসায় পৌঁছালে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। গতকাল শনিবার সকালে লক্ষ্মীপুর সদরের বটতলী এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনিছুজ্জামান প্রথম আলোকে বলেন, তানভীরের অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ছাত্রকে হারাল।