আশুলিয়ায় পুলিশ বেশে প্রাণিসম্পদ কর্মকর্তার ৩০০ ডলার ছিনতাই
পুলিশের পোশাক পরে সরকারি এক কর্মকর্তার কাছ থেকে তিন শ মার্কিন ডলার ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার বিকেলে ঢাকার আশুলিয়া থানার বেড়িবাঁধ এলাকার কাছে এ ঘটনা ঘটে।জানা গেছে, জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অনীল পাল গতকাল বেলা দেড়টার দিকে রাজধানীর উত্তরার একটি মানি এক্সচেঞ্জ থেকে ৩০০ ডলার কিনে বাসে করে আশুলিয়ার ডেন্ডাবরে শ্যালকের বাসায় ফিরছিলেন। সঙ্গে ছিলেন শ্যালক সুভাষ দের ব্যক্তিগত গাড়ির চালক আশরাফুল ইসলাম। রাজধানীর তুরাগ থানা এলাকার বেড়িবাঁধ পার হয়ে আশুলিয়া থানা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস এসে তাঁদের বহনকারী বাসটির গতিরোধ করে। এরপর পুলিশের পোশাক পরা চার যুবক বন্দুক হাতে ওই বাসে ওঠে। তারা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে আশরাফের কাছে অস্ত্র থাকার কথা বলে অস্ত্রটি বের করে দিতে বলে। এ সময় অনীল পাল নিজের পরিচয় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশের পোশাক পরা যুবকেরা অনীল পাল ও আশরাফুল ইসলামকে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলে। মাইক্রোবাসে তোলার পর তাঁদের চোখ বেঁধে ফেলা হয়। এরপর বেড়িবাঁধে নিয়ে ডলার রেখে তাঁদের মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।অনীল পাল জানান, সরকারি একটি প্রশিক্ষণে অংশ নিতে ২৪ দিনের জন্য তিনি থাইল্যান্ড যাচ্ছেন। আজ সোমবার বিকেলে তাঁর ফ্লাইট। যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ রকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।