আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
জুয়ার আসরে হানা দিতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে আশুলিয়া থানার একদল পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে ভাদাইল গ্রামে এ ঘটনা ঘটে। জুয়াড়িরা লোক জড়ো করে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশের কনস্টেবল আহত হয়েছে। আশুলিয়া থানা পুলিশ জানায়, এলাকার মাদক ব্যবসায়ী সুলতানকে ধরতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের সঙ্গে সাদা পোশাকে কয়েকজন ভাদাইল গ্রামে অভিযান চালান। মাদক ব্যবসায়ীরা এ সময় ওই এলাকার আলমের রিকশার গ্যারেজে বসে জুয়া খেলছিল। তাদের একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। এ সময় অন্যরা চিৎকার দিলে তাদের সহযোগীরা একজোট হয়ে পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশের বহনকারী মাইক্রোবাসটি ভাঙচুর করে। জুয়াড়িরা পুলিশের কনস্টেবল অলিউল্লাহকে মারধর করে। অলিউল্লাহ প্রাণ বাঁচাতে অস্ত্র ফেলে দৌড় দেন। পরে অতিরিক্ত পুলিশ এসে অস্ত্রটি উদ্ধার করেন। ভাদাইল এলাকাবাসী অভিযোগ করেন, আলমের রিকশা গ্যারেজে প্রতিদিনই জুয়ার আসর বসে। এখান থেকে আশুলিয়া থানা নিয়মিত বখরা নেয়। তবে কয়েক মাস ধরে এক রাজনৈতিক নেতার কারণে তা বন্ধ করে দেওয়া হয়। এ কারণেই পুলিশ সেখানে অভিযান চালায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আসামি ধরতে গিয়ে কয়েকজন কর্মকর্তা এলাকার লোকজনের রোষানলে পড়েন।